পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান এবং মাদরাসাগুলোতে একযোগে এই ছুটি কার্যকর হবে।

তবে ছুটি আনুষ্ঠানিকভাবে ২৪ মে শুরু হলেও শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাস শেষে দীর্ঘ অবকাশে যাওয়ার সুযোগ পাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়–এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানে ক্লাস পুনরায় শুরু হবে ৭ জুন (রোববার)।
এ হিসেবে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের অবকাশ ভোগ করবে।
অন্যদিকে দেশের সব মাদরাসায় ছুটির সময় আরও বেশি নির্ধারণ করা হয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।
ফলে মাদরাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিশ্রাম ও পারিবারিক সময় কাটানোর সুযোগ করে দিতেই এ দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


