দিনের পর দিন স্পষ্ট হয়ে যাচ্ছে, ইউটিউব ধীরে ধীরে “ফ্রি কম, পেইড বেশি” নীতি মেনে চলার পথে এগোচ্ছে। সাধারণ ব্যবহারকারীদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের বিজ্ঞাপন বা অফার দেখানো তো বহুদিন ধরেই রুটিনের অংশ। এবার বিনামূল্য ব্যবহারকারীদের জন্য আরও একটি বড় পরিবর্তন এসেছে।

ইউটিউব প্রিমিয়াম ছাড়া এখন ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক ব্যবহার করা কঠিন হয়ে গেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইলের স্ক্রিন বন্ধ রেখেও গান, পডকাস্ট বা অন্য অ্যাপ চালুর সময় ইউটিউব চালিয়ে রাখতে পারতেন। বহু ব্যবহারকারী এই সুবিধার উপর দীর্ঘদিন নির্ভরশীল ছিলেন।
আগে পর্যন্ত কিছু তৃতীয় পক্ষের মোবাইল ওয়েব ব্রাউজার ব্যবহার করে বিনামূল্যেও ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক সম্ভব ছিল। কারণ, এই ব্রাউজারগুলো ইউটিউব ভিডিওকে সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপে পাঠাত না, ফলে স্ক্রিন বন্ধ থাকলেও অডিও চলত। তবে এবার সেই পথও বন্ধ করে দিয়েছে ইউটিউব।
সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউব তার সিস্টেমে এমন পরিবর্তন এনেছে যে এখন তৃতীয় পক্ষের ব্রাউজারেও ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক আর কাজ করছে না। অ্যান্ড্রয়েড সংক্রান্ত রিপোর্টে ইউটিউব জানিয়েছে, ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক একেবারেই প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য সংরক্ষিত ফিচার। পূর্বে কিছু ক্ষেত্রে নন-প্রিমিয়াম ইউজাররা এটি ব্যবহার করতে পারলেও এখন সব প্ল্যাটফর্মে এই নিয়ম কঠোরভাবে কার্যকর হচ্ছে।
কেন এমন সিদ্ধান্ত? দীর্ঘদিন ধরেই ইউটিউব চায় তার প্রিমিয়াম পরিষেবা আরও আকর্ষণীয় হোক। বিজ্ঞাপনবিহীন ভিডিও দেখা, অফলাইন ডাউনলোড এবং ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক—এই সুবিধাগুলো ধীরে ধীরে ফ্রি ইউজারদের নাগালের বাইরে চলে এসেছে। কোম্পানির অবস্থান স্পষ্ট: বিনামূল্যে এই ফিচারের কোনো “ফাঁকফোকর” তারা মেনে নেবে না।
যদিও ইউটিউব সরাসরি তৃতীয় পক্ষের অ্যাপ বা ব্রাউজার নিয়ন্ত্রণ করতে পারে না, তবে কোড ও সার্ভার লেভেলে পরিবর্তন আনার মাধ্যমে এই ফিচার ব্যবহারের সুযোগ সীমিত করা সম্ভব। এবং এবার সেই পরিবর্তন ব্যবহারকারীরা সরাসরি অনুভব করছেন।
যারা ইউটিউবকে গান বা পডকাস্টের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করেন এবং ব্যাকগ্রাউন্ড প্লেব্যাকের উপর নির্ভরশীল ছিলেন, তাদের জন্য এখন একমাত্র বিকল্প হলো ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন। বিনামূল্যে এই সুবিধা ব্যবহার করার দিন এখন প্রায় শেষ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


