অনেক মানুষের স্বপ্ন ইউরোপে বসবাস করা। আশ্চর্যের হলেও সত্যি, ইউরোপের কিছু দেশ নির্দিষ্ট শর্ত পূরণ করলে নতুন বাসিন্দাদের বিভিন্ন আর্থিক সুবিধা দিয়ে থাকে। এই সুবিধার মধ্যে থাকতে পারে নগদ সহায়তা, কর ছাড়, খুব কম মূল্যে বাড়ি ক্রয় বা পুরনো বাড়ি সংস্কারের জন্য অনুদান।

সাধারণত আন্তর্জাতিক সংবাদে এমন শিরোনাম দেখা যায় যে ইউরোপ মানুষকে বসবাসের জন্য টাকা দিচ্ছে। কিন্তু বাস্তবে পুরো দেশ নয়, বরং কিছু ছোট শহর বা অঞ্চল জনসংখ্যা বৃদ্ধি ও স্থানীয় অর্থনীতির উন্নয়নের জন্য এসব প্রণোদনা দেয়। এছাড়া এই সুবিধা পাওয়াকে স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের অনুমতি হিসেবে ধরা যায় না। বসবাসের জন্য আলাদা ভিসা বা রেসিডেন্সি অনুমতির প্রয়োজন হয়।
নিচে পাঁচটি দেশের উদাহরণ তুলে ধরা হলো, যেখানে নতুন বাসিন্দাদের জন্য আর্থিক সুবিধা রয়েছে:
ইতালি:
ইতালির কিছু ছোট শহরে পুরনো বাড়ি মাত্র এক ইউরোতে বিক্রি হয়। তবে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার করতে হবে। কিছু অঞ্চলে নতুন বাসিন্দাদের জন্য বাড়িভাড়া বা জ্বালানি খরচেও সহায়তা দেওয়া হয়। ট্রেন্টিনো অঞ্চলে বাড়ি ক্রয় ও সংস্কারের জন্য সর্বোচ্চ এক লাখ ইউরো পর্যন্ত অনুদান পাওয়া সম্ভব। রাদিকন্দোলির মতো ছোট শহরে নতুন বাসিন্দাদের জন্যও আর্থিক প্রণোদনা রয়েছে, তবে সেখানে অন্তত দশ বছর বসবাস বাধ্যতামূলক। দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় দশ বছরের জন্য সাত শতাংশ ফ্ল্যাট ট্যাক্স সুবিধাও আছে।
স্পেন:
স্পেনের গ্রামীণ এলাকাগুলোতে নতুন বাসিন্দাদের আকৃষ্ট করতে নগদ অনুদান, সস্তা জমি বা অন্যান্য সুবিধা দেওয়া হয়। তবে সাধারণত স্থানীয় বাসিন্দা হিসেবে নিবন্ধিত হতে হয় এবং নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি প্রধান বাসস্থান হিসেবে ব্যবহার করতে হবে। অ্যাস্টুরিয়াস অঞ্চলের পঙ্গা এলাকায় নতুন বাসিন্দাদের প্রায় তিন হাজার ইউরো পর্যন্ত সহায়তা দেওয়া হয়। এক্সত্রেমাদুরা অঞ্চলে ডিজিটাল নোম্যাডদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ইউরো পর্যন্ত আর্থিক প্রণোদনা দেওয়া হয়। এছাড়া বিদেশিদের জন্য বিশেষ কর সুবিধাও রয়েছে।
আয়ারল্যান্ড:
আয়ারল্যান্ডে বর্তমানে আবাসন সংকট রয়েছে। সরকার পুরনো বা পরিত্যক্ত বাড়ি সংস্কারের জন্য অনুদান দেয়। কেউ যদি পুরনো বাড়ি কিনে তা সংস্কার করে বসবাসযোগ্য করে তুলেন, তবে সর্বোচ্চ ৭০ হাজার ইউরো পর্যন্ত অনুদান পাওয়া যায়। কিছু দূরবর্তী দ্বীপে এই অনুদান ৮৪ হাজার ইউরো পর্যন্ত হতে পারে। তবে এই অর্থ শুধু বাড়ি সংস্কারের কাজে ব্যবহার করতে হবে।
গ্রিস:
গ্রিসের ছোট দ্বীপগুলোতে জনসংখ্যা বৃদ্ধির জন্য নতুন বাসিন্দাদের আকৃষ্ট করতে বিশেষ সুবিধা দেওয়া হয়। অ্যান্টিকাইথেরা দ্বীপে নতুন বাসিন্দাদের বাড়ি, জমি এবং পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে ৫০০ ইউরো ভাতা দেওয়ার ব্যবস্থা আছে। এছাড়া দেশের কিছু অঞ্চলে গুরুত্বপূর্ণ পেশার মানুষদের জন্য সর্বোচ্চ ১০ হাজার ইউরো পর্যন্ত সহায়তা দেওয়া হয়। নতুন বাসিন্দাদের জন্য ১৫ বছর পর্যন্ত সাত শতাংশ ফ্ল্যাট ট্যাক্স সুবিধাও রয়েছে।
পর্তুগাল:
পর্তুগাল দীর্ঘদিন ধরেই বিদেশিদের জন্য উন্মুক্ত দেশ হিসেবে পরিচিত। এমপ্রেগো ইন্টেরিয়র মাইস কর্মসূচির আওতায় গ্রামীণ এলাকায় স্থানান্তরিত হলে এককালীন সর্বোচ্চ ছয় হাজার ইউরো পর্যন্ত অনুদান পাওয়া যায়। পরিবারের নির্ভরশীল সদস্য থাকলে অতিরিক্ত ২০ শতাংশ পর্যন্ত সুবিধা যোগ হয়। তবে বিদেশিদের ক্ষেত্রে আগে রেসিডেন্সি থাকতে হয়। ডিজিটাল নোম্যাড ভিসার মাধ্যমে অনেকের জন্য বসবাসের পথ খোলা থাকে।
মোটকথা, ইউরোপের কিছু ছোট শহর ও গ্রামীণ অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি বা পুনর্জীবনের জন্য আর্থিক সুবিধা প্রদান করা হয়। তবে এসব সুবিধা নেওয়ার জন্য নির্দিষ্ট শর্ত পূরণ, স্থানীয় নিবন্ধন ও নির্দিষ্ট সময় বসবাস করা বাধ্যতামূলক। সঠিক পরিকল্পনা ও বৈধ অনুমতির সঙ্গে মিলিয়ে এগোলে এসব সুযোগ নতুন জীবনের শুরুতে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা দিতে পারে।
সূত্র :ইন্টারন্যাশনাল লিভিং
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


