ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চিহ্নিত এক মাদক ব্যবসায়ী দম্পতির বাড়িঘর ভেঙে আগুন দিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসী। শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, আয়ুব আলী ও তার স্ত্রী ময়না বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ওই দম্পতির বিরুদ্ধে আগে থেকেই মাদক ব্যবসার অভিযোগ ছিল। সম্প্রতি এলাকাবাসী একত্রিত হয়ে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে কিছু মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে সেগুলো ধ্বংস করা হয় এবং তাদের এ কার্যক্রম থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। তবে এরপরও তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এরই জেরে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তাদের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বারবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করা হলেও মাদক ব্যবসা বন্ধ হয়নি। ফলে এলাকার যুবসমাজকে রক্ষায় তারা বাধ্য হয়ে কঠোর অবস্থান নেন বলে দাবি করেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



