নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে গাড়িচালককে কুপিয়ে জখম করার ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ মে) উপজেলার মাসদাইর গুদারাঘাট এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ফতুল্লার মাসদাইর এলাকায় একটি পোশাক কারখানার কর্তৃপক্ষের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে সাব্বির ওরফে চশমা সাব্বির এবং তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তার বাড়ি থেকে ফেরার পথে তার গাড়িচালকের ওপর হামলা চালানো হয় এবং তাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করে।
মামলায় মাসদাইর গুদারাঘাট এলাকার স্বপন মিয়ার ছেলে সাব্বির ওরফে চশমা সাব্বির, মাসদাইর ঘোষেরবাগ এলাকার ইউসুফ আলীর ছেলে হৃদয় ওরফে চক্ষু হৃদয়, একই এলাকার আলী মিয়ার ছেলে জাহিন এবং মাসদাইর বাজার এলাকার নাসির কসাইয়ের ছেলে সেলিম কসাইকে আসামি করা হয়।
মামলার পর রাতেই মাসদাইর এলাকায় ডিবি পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করে। তবে অভিযুক্ত সাব্বির ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় সাব্বিরের স্ত্রীকে আটক করে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি তার বাসা থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযুক্তরা পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



