ফেনীতে স্বাস্থ্য বিভাগের অভিযানে আরও দুটি বেসরকারি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানের পরীক্ষাগার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার শহরের সদর হাসপাতাল মোড় ও মহিপাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারি হাসপাতাল ও পরীক্ষাগার পরিদর্শন দল শহরে অভিযান চালায়। এ সময় সদর হাসপাতাল মোড়ের আমিন মেডিকেল সেন্টার এবং মহিপালের আলো ডিজিটাল চক্ষু হাসপাতাল সিলগালা করা হয়। এর মধ্যে লাইসেন্স নবায়ন না থাকায় আমিন মেডিকেল সেন্টার এবং অনুমোদন ছাড়া পরিচালিত হওয়ায় আলো ডিজিটাল চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এছাড়া অনিয়ম ও অবহেলার অভিযোগে সদর হাসপাতাল মোড়ের সোনালী ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষাগার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম সোহরাব হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা আমির খসরু এবং জ্যেষ্ঠ মেডিকেল টেকনোলজিস্ট মাইন উদ্দিন।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ফেনীর মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে ১২ এপ্রিল দেবীপুর এলাকায় অভিযান চালিয়ে সাত বছর ধরে লাইসেন্স নবায়ন না থাকা এবং নানা অনিয়মের অভিযোগে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করা হয়। তার আগে ১১ এপ্রিল শহরের ওয়ান স্টপস মাতৃত্বকালীন ক্লিনিকে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে সেটি সিলগালা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


