রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২৫ হাজার টাকা এবং আহতদের জন্য ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ঘটনাস্থলে এসে গণমাধ্যমকে এ তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

তিনি জানান, এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার কার্যক্রম বন্ধ করা হবে না এবং নদীর বিস্তীর্ণ এলাকায় তা চালিয়ে যাওয়া হবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, প্রায় সাত ঘণ্টার চেষ্টার পর ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা সম্ভব হয়েছে। বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এর আগে রাত পৌনে ১২টার দিকে পানির নিচে থাকা বাসটির সামনের অংশ ওপরে তোলা হয়। তখন ফায়ার সার্ভিসের ডুবুরিরা একের পর এক মরদেহ উদ্ধার করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন জানান, তাদের দুটি ডুবুরি দলসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় এবং দ্রুত তলিয়ে যায়। ঘটনায় এখন পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


