গাইবান্ধার সাদুল্লাপুরে নেশার টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের বসতঘরে আগুন দিয়েছে মাদকাসক্ত যুবক জাকিরুল ইসলাম। এ ঘটনার অভিযোগে ওই যুবককে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুদ্ধ স্থানীয় জনতা।

রোববার (১৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) একেএম হাবিবুল ইসলাম। এদিন বিকেলে ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। অভিযুক্ত জাকিরুল ইসলাম (৩৫) উপজেলার রসুলপুর গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকিরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার টাকা জোগাড় করতে প্রায়ই তার বৃদ্ধা মা জোবেদা বেগমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। স্বামীহারা জোবেদা বেগম রাস্তার পাশে একটি ছাপড়া ঘরে বসবাস করতেন।
পূর্বের মতো আজ সকালেও নেশার টাকার জন্য মায়ের কাছে চাপ দেন জাকিরুল। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে মায়ের ঘরটিতে আগুন ধরিয়ে দেন তিনি। এ সময় আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী জাকিরুলকে আটক করে এবং একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের ধারণা, টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে আজ সে তার মাকে ঘরের ভেতরেই পুড়িয়ে হত্যার চেষ্টা করেছিল।
ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সদস্য ছাফের আলী বলেন, মাদকাসক্ত জাকিরুল নেশার টাকা না পেয়ে প্রথমে মাকে গালিগালাজ করে এবং পরে মায়ের ঘরে কেরোসিন ঢেলে আগুন দেয়। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দিয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, মায়ের ঘরে আগুন লাগানোর অভিযোগে জাকিরুলকে আটক করে পুলিশ। জাকিরুল মাদকাসক্ত, আদালতের মাধ্যমে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


