কক্সবাজার থেকে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে করে ঢাকায় আনা হচ্ছিল ২ লাখ পিস ইয়াবা। এ সময় দুর্জয় দত্ত নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হাসান মারুফ।
সংবাদ সম্মেলনে হাসান মারুফ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার বিকাল ৩টায় ওয়ারী থানাধীন ৪৫ লালমোহন সাহা স্ট্রিট এলাকায় অভিযান পরিচালনা করে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদক দ্রব্য অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ কার্যালয়)। আমাদের কাছে তথ্য ছিল একটি চক্র বেশ কিছু দিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় সরবরাহ ও বিক্রয় করে আসছে।
তিনি বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা ওই চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করে নিশ্চিত হই যে, চক্রটি কক্সবাজার থেকে ঢাকাগামী একটি কালো রংয়ের প্রিমিও প্রাইভেট গাড়িতে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট ঢাকার ওয়ারী এলাকায় সরবরাহ করবে। সে সূত্র ধরে আমাদের টিম ওয়ারী থানাধীন ৪৫ লালমোহন সাহা স্ট্রিট থেকে ওই গাড়ি তল্লাশি করে গ্যাস সিলিন্ডার থেকে ইয়াবা উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াবার বড় বড় চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারী মাদক কারবারিদের সরবরাহ করে আসছিল চক্রটি। গ্রেপ্তারের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা পরবর্তীতে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া একইদিনে রাজধানীতে পৃথক চারটি অভিযানে পাঁচ হাজার ৭৮০ পিস ইয়াবা ও চার কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানান মাদকের ডিজি।
হাসান মারুফ বলেন, রবিবার আরও ৪টি পৃথক অভিযানে ৫ হাজার ৭৮০ পিস ইয়াবা ও চার কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অভিযানগুলোতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে যাত্রাবাড়ি থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. শহীদ (২৮) নামে একজন, বনানীর টিঅ্যান্ডটি মাঠ ও কড়াইল বস্তি থেকে চার কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. জাহের (৫৫) ও মোছা. জরিনা (৩৪) নামে দুইজন, সিদ্ধিরগঞ্জ থেকে দুই হাজার পিস ইয়াবাসহ রাবেয়া আক্তার ওরফে রুবি (২৭) নামে একজনকে গ্রেপ্তারর করা হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি আরও বলেন, একই দিনে অন্য একটি অভিযানে জোয়ার সাহারায় একটি কুরিয়ার সার্ভিস সেন্টারের ভেতরের স্ক্যানিং মেশিনের সামনে স্কুলব্যাগ থেকে ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বিপুল পরিমাণ চোলাইমদ, চোলাইমদ তৈরির উপকরণ ওয়াশ ও সরঞ্জাম উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. সাদেক মোল্লা (৫৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


