গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গরু বহনকারী একটি ট্রাক খালে পড়ে চারটি গরুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাজুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গার শিয়ালমারি হাট থেকে আটটি গরু কিনে বরিশালের বানারীপাড়া বাওলিয়া হাটের উদ্দেশে যাচ্ছিলেন বেপারী রানা ও লিটন। পথে কাজুলিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারটি গরুর মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে বাকি চারটি গরুকে জীবিত উদ্ধার করেন। ট্রাকে থাকা লোকজন অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়দের ধারণা, চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খালে পড়ে যায়।
নিহত চারটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



