গোপালগঞ্জ সদর উপজেলায় দুইটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের সদর উপজেলার চেচানিয়া কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও ট্রাফিক পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী দুটি যাত্রীবাহী বাস—জিএমএস ও সুন্দরবন পরিবহন—একটি আরেকটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাসই সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালায়। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয়, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় আহতদের মধ্যে বিভিন্ন জেলার যাত্রী রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে কয়েকজনের নাম পরিচয় পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, দুটি বাসের মধ্যে পাল্লাপাল্লির কারণে দুর্ঘটনাটি ঘটে এবং ওভারটেকের সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



