বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক জুবিন নটিয়ালের মিষ্টি ও মায়াবী কণ্ঠে মুগ্ধ কোটি ভক্ত। গত কিছুদিন ধরে তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে নিয়ে বিনোদন জগতে নানা গুঞ্জন চলছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই তার বিয়ের খবর প্রকাশ করেছেন।

সম্প্রতি ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে জুবিন নিশ্চিত করেন যে তিনি গত বছরই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে বিষয়টি তিনি খুবই গোপন রেখেছিলেন। তার মতে, বিয়ে একটি অত্যন্ত ব্যক্তিগত ও পারিবারিক বিষয়, তাই এটি আলোচনার বাইরে রাখাই তিনি উপযুক্ত মনে করেছেন।
উত্তরাখণ্ডের দেরাদুনে জন্ম নেওয়া এই গায়ক নিজের জন্মস্থানেই খুব সাধারণ ও ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হয় এই বিয়ে।
জুবিন জানান, তার স্ত্রী সাধারণ জীবনযাপন পছন্দ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দূরে থাকেন। তিনি আরও বলেন, তার স্ত্রীর সরলতাই এই বিয়ে গোপন রাখার অন্যতম কারণ। তাদের পরিচয়ও অনেক পুরোনো, শৈশবের বন্ধুত্ব থেকেই এই সম্পর্ক ধীরে ধীরে পরিণয়ে রূপ নেয়।
তিনি আরও জানান, তার পরিবার আগে থেকেই তার স্ত্রীকে চিনত। তাই আলাদা করে বড় কোনো আয়োজনের প্রয়োজন হয়নি। আধুনিক যুগে বিয়ের অনুষ্ঠান অনেক সময় অতিরিক্ত জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে, তাই তারা একেবারে সহজ-সরলভাবে বিয়ে সম্পন্ন করেছেন।
‘রাতাঁ লম্বিয়া’, ‘লুট গায়ে’, ‘তুম হি আনা’সহ বহু জনপ্রিয় গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করা জুবিন নটিয়াল বর্তমানে বলিউড সংগীত জগতে অন্যতম জনপ্রিয় রোমান্টিক ও সুফি গায়ক হিসেবে পরিচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


