নাটোরের গুরুদাসপুর উপজেলায় জাহেরা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১০ জুন) রাতে উপজেলার সোনাবাজু গ্রামের নিজ ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জাহেরা বেওয়া ওই এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বৃদ্ধার ছেলে জাকের ওষুধ কিনতে বাড়ির বাইরে যান। একই সময় তার স্ত্রী ফরিদা বেগম পাশের বাড়িতে যান। এ সময় ঘরে একাই ছিলেন জাহেরা বেওয়া। পরে রাত সাড়ে ৮টার দিকে জাকের ও তার স্ত্রী বাড়িতে ফিরে এসে ঘরের ভেতরে বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তাদের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



