জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তার লিভারে মারাত্মক জটিলতা দেখা দেওয়ায় বর্তমানে অবস্থাকে সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

শনিবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা, যিনি ‘ডানা ভাই জোশ’ নামে পরিচিত। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা কায়সার। পরে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের বরাতে তিনি আরও জানান, কারিনা হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’-তে আক্রান্ত হয়েছেন। এর ফলে তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরুতে তাকে আইসিইউতে রাখা হলেও পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
ডানা বলেন, কারিনার অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি সবার কাছে কারিনার সুস্থতার জন্য দোয়া কামনা করেন। প্রয়োজনে পরবর্তীতে সহায়তার বিষয়ে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে আরেক কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসারও ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি জানান, কারিনা বর্তমানে লাইফ সাপোর্টে আছেন এবং এই মুহূর্তে কোনো তহবিল সংগ্রহ করা হচ্ছে না। সবাইকে তার জন্য দোয়া করার অনুরোধ জানান তিনি। পাশাপাশি ব্যক্তিগতভাবে দেখা করতে না আসার আহ্বানও জানান।
হাস্যরসাত্মক কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার চলচ্চিত্রেও কাজ করেছেন। তিনি কিংবদন্তি দাবাড়ু রানী হামিদের নাতনি। তার বাবা কায়সার হামিদ এবং মা শাহনাজ সুলতানা কায়সার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


