আজকাল প্রায় সবাই হেডফোন, ইয়ারবাড বা ব্লুটুথ স্পিকার ব্যবহার করছেন। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এই ছোট ডিভাইসগুলোও সাইবার হামলার প্রবেশদ্বার হতে পারে। গুগলের জনপ্রিয় ‘ফাস্ট পেয়ার’ প্রযুক্তির নিরাপত্তা দুর্বলতার কারণে হ্যাকাররা ব্যবহারকারীর ডিভাইসের ওপর নিয়ন্ত্রণ পেতে পারে।

কোন ডিভাইসগুলো ঝুঁকিতে?
বেলজিয়ামের কেইউ ল্যুভেন বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা গবেষকরা জানিয়েছেন, সনি, জাবরা, জেবিএল, মার্শাল, শাওমি, নাথিং, ওয়ানপ্লাস, সাউন্ডকোর, লজিটেক ও গুগলের বিভিন্ন অডিও ডিভাইস এই ঝুঁকির মধ্যে রয়েছে।
গবেষকরা এই কৌশলটির নাম দিয়েছেন ‘হুইসপারপেয়ার’। মাত্র ৫০ ফুটের মধ্যে থাকলেই একজন হ্যাকার গোপনে নির্দিষ্ট অডিও ডিভাইসের সঙ্গে সংযোগ তৈরি করতে পারে। একবার নিয়ন্ত্রণ পেলে হ্যাকাররা:
ফোনকল ব্যাহত করতে পারেন
-নিজের পছন্দমতো অডিও চালাতে পারেন
-ডিভাইসে থাকা মাইক্রোফোন ব্যবহার করে আশপাশের কথোপকথন শুনতে পারেন
-গুগলের ফাইন্ড হাব সুবিধাযুক্ত ডিভাইস হলে অবস্থান শনাক্ত করতে পারেন
নিরাপত্তার বাস্তবতা
গবেষকরা সতর্ক করেছেন, ঝুঁকি শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নয়। এমনকি যারা গুগলের ডিভাইস ব্যবহার করেননি বা আইফোন ব্যবহারকারী হলেও হ্যাকারদের লক্ষ্য হতে পারেন। তবে মূল ব্লুটুথ প্রযুক্তিতে বড় কোনো নিরাপত্তা ত্রুটি পাওয়া যায়নি; সমস্যা মূলত ফাস্ট পেয়ার প্রটোকলের বাস্তবায়নে।
গুগলের প্রতিক্রিয়া
গুগল ফাস্ট পেয়ার প্রযুক্তিতে নিরাপত্তা দুর্বলতা স্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফাস্ট পেয়ার ও ফাইন্ড হাবের নিরাপত্তা নিয়মিত পর্যালোচনা ও উন্নত করা হচ্ছে। কিছু নির্মাতাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে এবং গুগলের নিজস্ব অডিও ডিভাইসের জন্য নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করা হয়েছে। এছাড়া অ্যান্ড্রয়েডের ফাইন্ড হাব আপডেট করা হয়েছে, যাতে এই কৌশলে অবস্থান শনাক্ত করা না যায়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


