দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১৮ জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই উদ্যোগের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হবে।

শনিবার (৪ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
মন্ত্রী আরও জানান, বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, যশোরসহ মোট ১৮ জেলার ৩০টি উপজেলায় এই বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। মূলত যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেসব এলাকাকেই এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে।
তিনি জানান, নির্ধারিত বয়সের সকল শিশু এই টিকা নিতে পারবে। একইসঙ্গে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও দেওয়া হবে। তবে নির্দেশনা অনুযায়ী, অসুস্থ শিশুদের ক্ষেত্রেই ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।
এ বিষয়ে মন্ত্রী আরও বলেন, যারা আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছে, তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবে। একাধিকবার টিকা নেওয়া হলেও এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই।
জেলা ও উপজেলা ভিত্তিক এই কার্যক্রমের মাধ্যমে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, যাতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


