হাঙ্গেরি ফিলিপাইন, জর্জিয়া এবং আর্মেনিয়া থেকে আসা কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা ইস্যু বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, আগামী শুক্রবার (১২ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিদেশি শ্রমিক প্রবাহ নিয়ন্ত্রণের জন্য এটি সরকারের প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে।

গত এপ্রিলের নির্বাচনে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে পরাজিত করে ক্ষমতায় আসে পিটার মাগিয়ার নেতৃত্বাধীন টিসজা পার্টি। তাদের নির্বাচনী অঙ্গীকারগুলোর মধ্যে একটি ছিল ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা শ্রমিকদের ভিসা প্রদান সীমিত করা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারের মুখপাত্র ভানদা জোন্দি এক সংবাদ সম্মেলনে বলেন, বিদেশি শ্রমিকরা স্থানীয় শ্রমিকদের মজুরি কমিয়ে দিচ্ছেন—এমন উদ্বেগ থেকেই সরকার বিদেশি কর্মসংস্থানের সুযোগ আরও সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে বিদেশি শ্রমিকরা হাঙ্গেরির মোট শ্রমশক্তির প্রায় ২ শতাংশ। তবে দেশটি উৎপাদন ও সেবা খাতে বিদেশি শ্রমিকের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ফিলিপাইন, জর্জিয়া ও আর্মেনিয়া থেকে শ্রমিক নিয়োগের বিদ্যমান ডিক্রি সংশোধন করে ভিসা ইস্যু বন্ধ করা হবে। তবে ইতোমধ্যে হাঙ্গেরিতে অবস্থানরত শ্রমিকরা ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন। পাশাপাশি আগেই জমা দেওয়া আবেদনগুলোও যথারীতি বিবেচনা করা হবে।
এদিকে, হাঙ্গেরিতে বিনিয়োগকারী কয়েকটি বড় কোম্পানি সতর্ক করে বলেছে, বিদেশি শ্রমিক প্রবেশ পুরোপুরি বন্ধ হয়ে গেলে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হতে পারে এবং দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



