চোটের কারণে ওয়ানিন্দু হাসারাঙ্গা ছিটকে যাওয়ায় নতুন মুখ দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তার বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জর্জ লিন্ডে-কে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বাঁহাতি স্পিন অলরাউন্ডার লিন্ডেকে ১ কোটি রুপিতে দলে ভেড়ানো হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তিনি ৩টি টেস্ট, ৪টি ওয়ানডে এবং ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
এবারই প্রথমবারের মতো আইপিএল-এ খেলতে যাচ্ছেন লিন্ডে। তবে গত এক বছরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। একাধিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিয়মিত অংশ নিয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৫০টি ম্যাচে ২১৮টি উইকেট নিয়েছেন লিন্ডে, যেখানে তার ইকোনমি রেট ৭.৪২। ব্যাট হাতেও কার্যকর তিনি—২৭৪৬ রান করেছেন, গড় ১৯.৪৭ এবং স্ট্রাইক রেট ১৩৬.৬৮। বিশেষ করে নিচের দিকে ব্যাটিং করে দলকে বাড়তি শক্তি দিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
অন্যদিকে, হাসারাঙ্গাকে ২ কোটি রুপিতে দলে ভেড়ালেও শুরু থেকেই তাকে পাওয়া যায়নি। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি, যার কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান।
মৌসুমের শুরুতে হার দিয়ে যাত্রা শুরু করলেও পরের দুই ম্যাচে টানা জয় পেয়েছে লখনৌ। বর্তমানে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে দলটি। তাদের পরবর্তী ম্যাচে গুজরাট টাইটানস-এর বিপক্ষে মাঠে নামবে তারা। নতুন সংযোজন লিন্ডে সেই ম্যাচে কতটা প্রভাব ফেলতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


