নরসিংদীতে নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে একটি সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৬ মে) বিকেলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন—পলাশ উপজেলার জিনারদী এলাকার অহিদ মিয়ার মেয়ে শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), নরসিংদী সদরের হাজীপুর এলাকার হিরণ মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (২০), উত্তর বাগহাটা গ্রামের আরমান মিয়ার ছেলে মো. কাইয়ুম (২৫) ও খাটেহারা গ্রামের জসিম মিয়ার ছেলে ফয়সাল মিয়া (৩৪)।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকা থেকে হানি ট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে নারীদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলত। পরে দেখা করার কথা বলে নির্জন স্থানে ডেকে নিয়ে অপহরণ ও শারীরিক নির্যাতন করা হতো।
কোনো কোনো সময় ভুক্তভোগীদের বিবস্ত্র করে নারী সদস্যদের সঙ্গে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করা হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের হত্যার হুমকিও দেওয়া হতো।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ বিষয়ে নরসিংদীর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) এরশাদ উল্লাহ বলেন, সম্প্রতি শহরের নাগরিয়াকান্দা এলাকায় এক যুবক হানিট্র্যাপের শিকার হয়। বিষয়টি আমাদের নজরে আসলে আমরা অভিযান চালিয়ে এই চক্রের চার জনকে গ্রেপ্তার করি। বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


