ইরান পরিস্থিতি ও চলমান রাজনৈতিক ব্যস্ততার কারণে ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২০ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ছেলে ও বেটিনা অ্যান্ডারসনের বিয়েতে যোগ দেওয়ার চেষ্টা করবেন, তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
ট্রাম্প বলেন, বর্তমানে তার জন্য এটি উপযুক্ত সময় নয়। ইরান ইস্যুসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে ব্যস্ত থাকতে হচ্ছে।
তিনি আরও বলেন, ছেলে চায় তিনি বিয়েতে উপস্থিত থাকুন। অনুষ্ঠানটি ছোট পরিসরে ও ব্যক্তিগতভাবে আয়োজন করা হবে। তাই সুযোগ হলে সেখানে যাওয়ার চেষ্টা করবেন।
এ সময় সংবাদমাধ্যমের সমালোচনার বিষয়টিও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, অনুষ্ঠানে গেলেও সমালোচনা হবে, না গেলেও সমালোচনা হবে।
তবে নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বেটিনা অ্যান্ডারসনকে তিনি দীর্ঘদিন ধরে চেনেন এবং আশা করেন তাদের দাম্পত্য জীবন সুখের হবে।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার বাহামায় বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তবে হোয়াইট হাউস প্রকাশিত সূচি অনুযায়ী, ওই দিন ট্রাম্পের নিউ জার্সির বেডমিনস্টারে অবস্থান করার কথা রয়েছে।
এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, গত ডিসেম্বরে হোয়াইট হাউসের এক ছুটির অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও বেটিনা অ্যান্ডারসন তাদের বাগদানের ঘোষণা দেন। সে সময় ট্রাম্প জুনিয়র এটিকে ‘বড় জয়’ বলে মন্তব্য করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



