ওমান উপসাগরে ‘তুসকা’ নামের একটি ইরানি কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌ অবরোধ অমান্য করার চেষ্টা করলে জাহাজটিতে হামলা চালানো হয়। এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে জাহাজটি মার্কিন মেরিনদের নিয়ন্ত্রণে রয়েছে।

ট্রাম্প জানান, প্রায় ৯০০ ফুট দীর্ঘ এই বিশাল জাহাজটির ওজন একটি বিমানবাহী রণতরীর কাছাকাছি। এটি ওমান উপসাগর দিয়ে মার্কিন অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে গাইডেড মিসাইলসজ্জিত মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস স্প্রুয়েন্স’ সেটির গতিরোধ করে।
প্রথমে জাহাজটিকে থামার নির্দেশ দেওয়া হলেও ইরানি নাবিকরা তা মানেননি বলে দাবি করেন ট্রাম্প। পরে মার্কিন নৌবাহিনী জাহাজটির ইঞ্জিন কক্ষে হামলা চালায়। এতে ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজটি অচল হয়ে পড়ে এবং থেমে যেতে বাধ্য হয়।
বর্তমানে জাহাজটি মার্কিন মেরিনদের হেফাজতে রয়েছে এবং এর ভেতরে থাকা পণ্যসম্ভার তল্লাশি করা হচ্ছে বলে জানান তিনি।
ট্রাম্প আরও বলেন, ‘তুসকা’ নামের এই জাহাজটির বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে কারণে মার্কিন ট্রেজারি বিভাগ ইতোমধ্যেই এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


