ফুটবলপ্রেমীদের মধ্যে এবারের ফিনালিসিমা ঘিরে ছিল ব্যাপক আগ্রহ। ইরান-ইসরায়েল সংঘাতের কারণে টুর্নামেন্টটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও অনেকে আশা করেছিলেন, মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। তবে শেষ পর্যন্ত সেই আশা পূরণ হয়নি; টুর্নামেন্টটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।

রোববার আনুষ্ঠানিকভাবে ফিনালিসিমা বাতিলের বিষয়টি নিশ্চিত করে উয়েফা।
২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই ম্যাচটি ২৭ মার্চ কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় ছিল সারা বিশ্বের ফুটবলভক্তরা।
এক বিবৃতিতে উয়েফা জানায়, কাতারে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। একই সঙ্গে তারা কাতারের আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে শিগগিরই ওই অঞ্চলে শান্তি ফিরে আসবে।
ম্যাচটি আয়োজনের জন্য কয়েকটি বিকল্প ভেন্যুর কথাও বিবেচনা করা হয়েছিল। প্রথমে সমান সংখ্যক সমর্থক রাখার শর্তে ২৭ মার্চ মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। পরে দুই লেগে ম্যাচ আয়োজনের পরিকল্পনাও সামনে আসে—একটি মাদ্রিদে এবং অন্যটি আর্জেন্টিনার বুয়েনস আইরেসে।
এছাড়া নিরপেক্ষ ভেন্যুতেও ম্যাচ আয়োজনের চেষ্টা করা হয়। তবে উয়েফার দাবি, এসব প্রস্তাবে আর্জেন্টিনা সম্মতি দেয়নি।
বিশ্বকাপের পর আর্জেন্টিনা নতুন করে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও তখন স্পেনের ব্যস্ত সূচির কারণে সেটি সম্ভব হয়নি। পরে ৩১ মার্চ ম্যাচটি খেলার প্রস্তাব দেয় আর্জেন্টিনা, কিন্তু সেটিও বাস্তবায়ন করা যায়নি। শেষ পর্যন্ত সব দিক বিবেচনায় নিয়ে ফিনালিসিমা বাতিলের সিদ্ধান্ত নেয় উয়েফা।
উল্লেখ্য, ২০২২ সালে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিনালিসিমায় আর্জেন্টিনা ৩–০ গোলে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


