ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নতুন সামরিক প্রধান মোহাম্মদ ওদেহ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। বুধবার (২৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

আইডিএফের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে মোহাম্মদ ওদেহ এবং তার সহযোগীদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। সেই তথ্যের ভিত্তিতে গাজা সিটির কয়েকটি ভবনে বিমান হামলা চালানো হয়, যেগুলোকে তিনি আত্মগোপনের স্থান হিসেবে ব্যবহার করছিলেন বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া, ৭ অক্টোবরের হামলায় জড়িত হামাসের আরেক সদস্যের নিকটবর্তী একটি অ্যাপার্টমেন্টেও হামলা চালানো হয় বলে ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত সপ্তাহে ইজ্জ আল-দীন হাদ্দাদ নিহত হওয়ার পর মোহাম্মদ ওদেহ হামাসের সামরিক শাখার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি সংগঠনটির গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
আইডিএফ আরও দাবি করেছে, ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা ও সমন্বয়ে মোহাম্মদ ওদেহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যুদ্ধ চলাকালে তিনি ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বিভিন্ন হামলা ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। তার মৃত্যু হামাসের পুনর্গঠন প্রচেষ্টায় বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



