বিশ্বজুড়ে চলমান জ্বালানি সঙ্কটের মধ্যেও দেশে তেলের দাম বৃদ্ধি করা হয়নি। তবে এমন পরিস্থিতিতে দেশ সঙ্কটের বাইরে আছে—এভাবে ভাবার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে আসবে, সরকার এমন একটি দেশ বিনির্মাণের স্বপ্ন দেখে। প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে বিদেশের মেধাবীরা এখানে আসার জন্য উন্মুখ থাকবে।
তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ববি হাজ্জাজ বলেন, কর্মসংস্থানের অভাবে আমরা অনেক ক্ষেত্রে তরুণ সমাজকে সঠিক পথ দেখাতে পারছি না। তারা যেন ভুল পথে পা না বাড়ায়, সেদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, কাজের গতি দেখে প্রতীয়মান হচ্ছে যে, প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি অনুযায়ী ২৫ কোটির বেশি বৃক্ষ রোপণ করতে সক্ষম হবেন।
জনগণের নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণ চায় না পুলিশ ফোর্স ভয়ানক হোক। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে সেবা পেতে পারে।
একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের দুর্বৃত্তায়নের রাজনীতির কারণেই জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো।
আইজিপি আরও বলেন, দিনের ভোট আর রাতে হবে না। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে পুলিশ সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে। জনগণের আস্থা ফেরাতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রোভার স্কাউটসের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


