দেশে বর্তমানে নারী শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এই সুবিধা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করার ঘোষণা দিয়েছে। দলটির অঙ্গীকার অনুযায়ী, সব নারী শিক্ষার্থীকে স্নাতক শেষ করা পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়া হবে।

এ ছাড়া শিক্ষা ব্যবস্থার সব স্তর ও ক্ষেত্রে নারীদের সমান অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে, যাতে নারীরা নিজেদের আগ্রহ ও সক্ষমতা অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নির্বিঘ্নে কর্মজীবনে প্রবেশের সুযোগ পান।
একই সঙ্গে ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ ও হোম ইকোনমিকস কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ঘোষিত ইশতেহারে এসব প্রতিশ্রুতি তুলে ধরেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে দলটির আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে দেশের ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে জামায়াতের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার উপস্থাপন করা হয়। এর শিক্ষাবিষয়ক অংশে নারী শিক্ষার উন্নয়ন ও বিস্তারে এসব পরিকল্পনার কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


