আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে প্রথমে গণভোটে ‘হ্যাঁ’ এবং পরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, এই নির্বাচন কোনো একটি দলের নয়; এটি দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে দেশে দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি ব্যাপকভাবে বেড়েছে। নতুন সরকার গঠিত হলে এসব অনিয়ম বন্ধ করা হবে এবং সরকারি অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতায় গেলে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার প্রতিশ্রুতিও দেন তিনি।
তিনি আরও বলেন, নদীভাঙন, দীর্ঘদিনের বঞ্চনা ও বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে সরকার উদ্যোগ নেবে। অপরাধ, মিথ্যা মামলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং যেকোনো অনিয়মের ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে।
ডা. শফিকুর রহমান নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরুর প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের প্রতিটি অঞ্চলে ন্যায় ও সমতার ভিত্তিতে নাগরিক সেবা পৌঁছে দেওয়া হবে।
সমাবেশ শেষে তিনি জোটভুক্ত প্রার্থীদের হাতে নিজ নিজ দলের প্রতীক তুলে দেন এবং তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
জনসভায় উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, পটুয়াখালী-১ আসনে এবি পার্টির প্রার্থী ডা. আব্দুল ওহাব মিনার, পটুয়াখালী-২ আসনে জামায়াতের প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩ আসনের প্রার্থী অধ্যাপক শাহ আলম এবং খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিনসহ অনেকে।
জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। এ সময় আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


