মানুষের আবিষ্কারের নেশা প্রাচীনকাল থেকেই। কখনো প্রয়োজন, কখনো জীবনের মান উন্নয়নের জন্য মানুষের শ্রম এবং কল্পনাশক্তি অসংখ্য নতুন উদ্ভাবনের জন্ম দিয়েছে। তবে সব আবিষ্কারই গুরুতর উদ্দেশ্যে হয় না; কিছু আবিষ্কার এমন মজার বা অদ্ভুত ঘটনামূলক প্রেক্ষাপট থেকে আসে, যা কল্পনাতীত।

সাম্প্রতিক সময়ে এমনই এক অভিনব উদ্ভাবন এসেছে ফ্রান্সের বিজ্ঞানী ক্রিশ্চিয়ান পঁয়েশ্যেভাল এর কাছ থেকে। ৬৫ বছর বয়সী পঁয়েশ্যেভাল এমন একটি পিল উদ্ভাবন করেছেন, যা খাওয়ার পর বায়ুত্যাগ করলে দুর্গন্ধের বদলে চকোলেটের সুবাস ছড়িয়ে দেয়।
পঁয়েশ্যেভাল ফ্রান্সের ছোট গ্রাম ঝেভ্রস-এ বাস করেন। তার জীবন মূলত অপ্রচলিত সমস্যার সমাধান আবিষ্কারে নিবদ্ধ। স্থানীয়রা তাকে মজার ছলে ‘সান্তা ক্লজের ছোট হিপি ভাই’ বলে ডাকে।
২০০৬ সালে বন্ধুদের সঙ্গে নৈশভোজের সময় একটি দুর্গন্ধজনিত ঘটনা তাকে এই গবেষণার পথে নিয়ে যায়। নিজের ভাষায় তিনি বলেন, “আমাদের বায়ুত্যাগ এত দুর্গন্ধযুক্ত ছিল যে আমরা নিজেই বিরক্ত হয়েছিলাম। পাশে বসা বন্ধুরাও আমার কারণে অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন। তখনই ভাবলাম—কিছু করতে হবে।”
এরপরই শুরু হয় তার গবেষণা, এবং তিনি এমন একটি পিল তৈরি করেন যা বায়ুত্যাগে চকলেটের সুবাস ছড়িয়ে দেয়। এর আগে তিনি এমন পিলও তৈরি করেছেন, যা গোলাপ ও ভায়োলেট ফুলের সুবাস প্রদান করে। এছাড়া তিনি পোষ্য প্রাণীর জন্যও দুর্গন্ধ কমানোর পাউডার উদ্ভাবন করেছেন।
সব পিলই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, কোনো রাসায়নিক নয়, যা সামাজিকভাবে অস্বস্তিকর পরিস্থিতি কমাতে সহায়তা করে। পঁয়েশ্যেভাল খাদ্যাভ্যাস এবং বায়ুত্যাগের দুর্গন্ধের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করেছেন। তিনি বলেন, “নিরামিষভোজী অবস্থায় আমার বায়ু শাকসবজির গন্ধের মতো হতো, যা গরুর গোবরের গন্ধের সঙ্গে মিল ছিল। কিন্তু মাংস খেলে দুর্গন্ধ আরও তীব্র হতো।”
পিলের উপাদানে রয়েছে উদ্ভিদজাত কাঠকয়লা, মৌরি, সামুদ্রিক শৈবাল, উদ্ভিদ রজন, বিলবেরি এবং কোকো ফলের নির্যাস। এগুলো শুধু দুর্গন্ধ আড়াল করে না, অন্ত্রে গ্যাস ও পেট ফোলা কমাতেও সহায়তা করে।
এই অভিনব উদ্ভাবন একটি নতুন বাজার গড়ে দিয়েছে। বিশেষ করে উৎসব ও ছুটির মৌসুমে এই পিল খুবই জনপ্রিয়। কেউ পেট ফোলার সমস্যা থেকে মুক্তির জন্য নিয়মিত সেবন করছেন, আবার কেউ বন্ধুকে উপহার হিসেবে দিচ্ছেন।
পঁয়েশ্যেভালের এই উদ্ভাবন শুধু মজার নয়, এটি দৈনন্দিন জীবনের ছোট সমস্যার কার্যকর সমাধানও প্রদান করছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
