যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া) আসনের ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

রোববার (৮ ফেব্রুয়ারি) সিভিল জজ মতিউর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। প্রার্থীর আইনজীবী দেবাশীষ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি বিকেলে অভয়নগরের পাইকপাড়ায় শ্রী শ্রী বীরেশ্বর ফকির বাড়ি মন্দিরে ‘মতুয়া সম্মেলন’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিয়ার রহমান ফারাজী। এ সময় তিনি মন্দির কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন।
নির্বাচনি তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী যদি ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দেন বা প্রতিশ্রুতি দেন, তা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হয়। বিষয়টি নজরে আসার পর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে।
আদালত সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে আচরণবিধি লঙ্ঘনের সত্যতা নিশ্চিত করেন। ৪ ফেব্রুয়ারি প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (সমন) জারি করা হয়।
রোববার মতিয়ার রহমান ফারাজী আদালতে উপস্থিত হয়ে তার ব্যাখ্যা দেন। তিনি নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে অংশ না নেবার অঙ্গীকার করেন। আদালত তার স্বীকারোক্তি ও আবেদন বিবেচনা করে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। জরিমানা পরিশোধের পর তিনি এ অভিযোগ থেকে অব্যাহতি পান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


