২০০৬ সালে দলীয় নিয়োগের অভিযোগে চূড়ান্তভাবে চাকরিচ্যুত হওয়া পুলিশের প্রায় ৬৫০ জন এসআই ও সার্জেন্টকে চাকরিতে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তাদের ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে দীর্ঘদিন ধরে ঝুলে ছিল, তবে চূড়ান্ত অনুমোদন হয়নি। আদালতের রায়ের ভিত্তিতেই তাদের চাকরিতে পুনর্বহালের বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছিল। অনুমোদন না হওয়ার কারণ জানা না থাকলেও তারা অবশ্যই ন্যায়বিচার পাবেন এবং চাকরিতে ফিরতে পারবেন।
বর্তমানে ২ হাজার ৭০১টি পুলিশে কনস্টেবল পদ শূন্য আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “জরুরি ভিত্তিতে এসব পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত প্রক্রিয়া শুরু হবে।”
পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “কেউ দায়িত্ব পালনে বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
অস্ত্র উদ্ধার প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এখনো ১০ হাজারের বেশি অস্ত্র উদ্ধার হয়নি, যেগুলো বর্তমানে অবৈধ হিসেবে বিবেচিত। এসব অস্ত্র উদ্ধারে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং প্রয়োজন হলে মামলা দায়ের করা হবে।”
তিনি জানান, পূর্ববর্তী সরকারের সময়ে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় অনিয়ম বা রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিত হলে তা বাতিল করা হবে। সংশ্লিষ্ট অস্ত্রের লাইসেন্সও বাতিলের আওতায় আসবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনআকাঙ্ক্ষা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনাই সরকারের প্রধান লক্ষ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


