বলিউডের রূপালি পর্দার এক সময়ের পরিচিত ও দাপুটে অভিনেতা ভরত কাপুর আর নেই। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে মুম্বাইয়ে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পর্দায় ভিলেনের সহযোগী চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। তীক্ষ্ণ সংলাপ ও সংযত অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন এক ভিন্নধর্মী অভিনেতা। শুধু চলচ্চিত্র নয়, নাট্যমঞ্চেও তার ছিল সমান সাফল্য ও জনপ্রিয়তা।
সোমবার সন্ধ্যায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। দীর্ঘদিনের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু অবতার গিল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি জানান, গত কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ভরত কাপুর। প্রায় পাঁচ দশকের দীর্ঘ বন্ধুত্ব ছিল তাদের মধ্যে।
সত্তরের দশকে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করা এই অভিনেতা ‘নুরি’, ‘রাম বলরাম’, ‘লাভ স্টোরি’, ‘বাজার’, ‘গুলামি’ এবং ‘সাজন চলে শ্বশুরাল’-এর মতো জনপ্রিয় ও ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন। কখনো আইনজীবী, কখনো পুলিশ, আবার কখনো ভয়ংকর খলনায়কের চরিত্রে তিনি ছিলেন সমান দক্ষ।
চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন জগতেও তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ‘ক্যাম্পাস’, ‘শাঁস’, ‘আমানত’, ‘তারা’ এবং ‘চুনোতি’সহ বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিতি পান।
ব্যক্তিগত জীবনে ভরত কাপুর স্ত্রী লোপা এবং দুই পুত্র রাহুল ও সাগরকে রেখে গেছেন। এর আগে তার একমাত্র কন্যা কবিতা প্রয়াত হন।
অভিনয়ের দক্ষতায় দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়া এই অভিনেতা না থাকলেও তার কালজয়ী কাজগুলো তাকে বাঁচিয়ে রাখবে প্রজন্মের পর প্রজন্ম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


