প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গর্গ-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত হচ্ছে নতুন মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিনদা’। যদিও ছবিটি তাঁর জীবন ও কর্ম থেকে অনুপ্রাণিত, তবু এটি সরাসরি কোনো জীবনীচিত্র নয়। বরং এক তরুণ শিল্পীর স্বপ্ন, সংগ্রাম এবং জুবিন গর্গের প্রতি গভীর অনুরাগকে ঘিরেই এগিয়ে যাবে কাহিনি।

ছবিটির বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জুবিন গর্গের কণ্ঠে গাওয়া দুটি অপ্রকাশিত গান। প্রথমবারের মতো এসব গান দর্শক ও শ্রোতাদের সামনে তুলে ধরা হবে, যা শিল্পীর ভক্তদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠতে পারে।
সিনেমাটির পরিচালনা, চিত্রনাট্য রচনা এবং সংগীত পরিচালনার দায়িত্ব পালন করছেন শ্রী প্রীতম। প্রযোজক হিসেবে রয়েছেন এমডি ফারুক উদ্দিন। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন উদীয়মান গায়ক, যিনি ছোটবেলা থেকেই জুবিন গর্গের একনিষ্ঠ ভক্ত। নানা প্রতিকূলতা অতিক্রম করে তিনি যখন নিজের স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে শুরু করেন, তখন জীবনের এক অপ্রত্যাশিত ঘটনা তাঁর পথচলার মোড় ঘুরিয়ে দেয়। সেই আবেগঘন যাত্রার গল্পই ফুটে উঠবে পর্দায়।
পরিচালক শ্রী প্রীতম জানান, ২০২১ সাল থেকে জুবিন গর্গের সঙ্গে একাধিক গানে কাজ করার সুযোগ হয়েছিল তাঁর। সেই অভিজ্ঞতা এবং শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধাবোধ থেকেই এ সিনেমা নির্মাণের ভাবনা জন্ম নেয়। তিনি আরও জানান, ছবির কাজ শুরুর আগে জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গের সম্মতিও নেওয়া হয়েছে।
এই ছবির মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক ঘটছে বর্ষা সেনগুপ্তর। তিনি শুধু অভিনয়ই করেননি, সিনেমার পরিকল্পনা ও চিত্রনাট্য প্রণয়নের কাজেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কেন্দ্রীয় পুরুষ চরিত্রে অভিনয় করছেন ইকবাল রহিমি।
এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গীতাবলি রাজকুমারী, অভিজিৎ গুহ, পার্থপ্রতিম গোস্বামী, ভায়োলিনা বরদৈলে, সৌরভ চট্টোপাধ্যায় এবং মধুমিতা গুপ্ত।
নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটির প্রথম পোস্টার উন্মোচন করা হবে গুয়াহাটিতে। এ আয়োজনের সঙ্গে যুক্ত থাকবেন জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গও। শিল্পীর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



