হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া। দেশটি জানিয়েছে, যুদ্ধাবস্থায় ইরানের এই গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে। একই সময়ে প্রণালিতে নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে অস্ট্রেলিয়া।

সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচল সীমিত করা বা নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। পাশাপাশি তিনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামি ও জলদস্যুতার অভিযোগ তোলেন।
তিনি বলেন, এমনভাবে ইরানের ওপর দায় চাপানো হচ্ছে, যেন ইরানই তার প্রতিবেশীদের ওপর হামলা চালিয়েছে। নেবেনজিয়ার ভাষ্য, যুদ্ধের সময় কোনো উপকূলীয় দেশ যদি আক্রমণের শিকার হয়, তবে নিরাপত্তার স্বার্থে সে তার জলসীমায় নৌ চলাচল নিয়ন্ত্রণ করতে পারে।
তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলোর আচরণ জলদস্যুতার মতো। তারা সরাসরি নিজেদের অবস্থান প্রকাশ না করে একতরফা নিষেধাজ্ঞার আড়ালে বেআইনি কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছে। একই সঙ্গে কৃষ্ণসাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় ইউরোপীয় দেশগুলোর সমর্থনেরও সমালোচনা করেন তিনি।
অন্যদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এর প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়ছে। জাপান সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগির সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, অস্ট্রেলিয়া ও জাপানের ঘনিষ্ঠ সরবরাহব্যবস্থা জ্বালানি আমদানিতে সহায়ক ভূমিকা রাখছে এবং বৈশ্বিক অস্থিরতার মধ্যে এই অর্থনৈতিক সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ওং বলেন, হরমুজ প্রণালির এই পরিস্থিতির কারণে আমাদের অঞ্চলে যে অসম প্রভাব পড়ছে, তা মোকাবিলায় পারস্পরিক সমন্বয় অব্যাহত রাখা প্রয়োজন।
উল্লেখ্য, বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। ফলে এই নৌপথে চলাচল ব্যাহত হলে বিশেষ করে এশিয়ার দেশগুলো বড় ধরনের প্রভাবের মুখে পড়ে, কারণ তাদের জ্বালানি চাহিদার একটি বড় অংশ এই পথের ওপর নির্ভরশীল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

