ইরান ও লেবাননের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলের একটি শহরে হঠাৎ করে মৌমাছির বিশাল ঝাঁক দেখা দেওয়ায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। দক্ষিণাঞ্চলীয় শহর নেতিভতের একটি শপিং সেন্টার ও আশপাশের এলাকায় হাজার হাজার মৌমাছি আকাশ ঢেকে ফেললে মুহূর্তেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে।

গত বুধবার ঘটে যাওয়া এই ঘটনায় পুরো এলাকার জনজীবন প্রায় স্থবির হয়ে পড়ে। বাইরে থাকা মানুষজন আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যায়, আর ঘরের ভেতরে থাকা বাসিন্দারাও উদ্বিগ্ন হয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের দরজা-জানালা বন্ধ রেখে ভেতরে থাকার নির্দেশ দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়ক থেকে শুরু করে বাড়ির বারান্দা পর্যন্ত সর্বত্র মৌমাছির ঝাঁক ছড়িয়ে পড়ে। এতে সাধারণ জনজীবনের পাশাপাশি সামরিক কার্যক্রমেও প্রভাব পড়ে।
দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, একটি সামরিক বিমানের ইঞ্জিন ও ডানায় মৌমাছি ঢুকে পড়ার কারণে সেটির উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়।
ঘটনাটি ঘিরে অনলাইনে নানা আলোচনা ও গুজব ছড়িয়ে পড়ে। কেউ কেউ এটিকে ধর্মীয় বা রহস্যময় ঘটনার সঙ্গে যুক্ত করে দেখলেও, অনেকে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বও প্রচার করেন।
তবে বিশেষজ্ঞ ও কীটতত্ত্ববিদরা জানিয়েছেন, এটি কোনো পরিকল্পিত হামলা নয়। তাদের মতে, প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে মৌমাছিরা অনেক সময় শহুরে এলাকা ও ভবনের ফাঁককে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেয়।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


