আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। শনিবার ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর নথি, যা কার্যকর করার দায়িত্ব সংসদের। এটি কীভাবে বাস্তবায়িত হবে, তা সনদের মধ্যেই স্পষ্টভাবে উল্লেখ করা আছে। তাই গণভোটের সিদ্ধান্তের সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন বা বাতিলের কোনো সম্পর্ক নেই।
মন্ত্রী আরও বলেন, বিএনপি জুলাই সনদকে গুরুত্বপূর্ণ ও চেতনায় ধারণ করে। তাদের বিশ্বাস, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ত্যাগের মাধ্যমে এই সনদ তৈরি হয়েছে এবং এটি জনগণের মুক্তির প্রতীক। বিএনপি এই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি দাবি করেন, সনদের নির্দেশনা অনুযায়ী সংবিধান সংশোধনের মাধ্যমেই এটি বাস্তবায়ন সম্ভব। যারা বলছে গণভোট বাতিল হলে সনদও বাতিল হবে—এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য।
সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়েও সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা না করে বিরোধীরা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করছে, যা দুঃখজনক।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের সংকটের সুযোগে একটি চক্র অনিয়ম করছে, একাধিকবার একই দিনে তেল সংগ্রহ করে মজুত করছে। এ ধরনের কালোবাজারি ও মজুতদারি রোধে সরকার কঠোর অবস্থানে যাবে এবং প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা হবে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


