কেরানীগঞ্জে মহাসড়ক দখল করে গরুর হাট ও অস্থায়ী স্থাপনা নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই হাটের ইজারাদারসহ কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করেছে। এই অভিযান পরিচালনা করে মো. উমর ফারুক ও আফতাব আহমেদ–এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও বাংলাদেশ পুলিশ–এর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে আগানগর পশুর হাটের ইজারাদার আনোয়ার হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এক ঘণ্টার মধ্যে সড়ক থেকে পশু সরানোর নির্দেশ দেওয়া হয়। অপরদিকে জিনজিরা হাটের ইজারাদার মোজাদ্দেদ আলী বাবুকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং সড়ক দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া সড়কের ওপর প্যান্ডেল করে পশু রাখার দায়ে এক বাড়ির মালিককে ২০ হাজার টাকা এবং ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে এক ফল ব্যবসায়ীকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত কদমতলী ও আব্দুল্লাহপুর এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ এবং সড়কে যানবাহন পার্কিং না করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করে।
ইজারাদাররা জানান, বৃষ্টির কারণে হাটে পানি জমে যাওয়ায় পশু সড়কে রাখতে বাধ্য হয়েছিলেন। তবে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে সড়ক পরিষ্কার করার নির্দেশ দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক জানান, বারবার অনুরোধ সত্ত্বেও সড়ক দখল না সরানোয় এই জরিমানা করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আরও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



