টলিউডের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবার এক ভিন্নধর্মী সামাজিক ও সংবেদনশীল গল্প নিয়ে পর্দায় আসছেন। সিনেমাটির নাম ‘নেভার মাইন্ড’। এই ছবির মাধ্যমে প্রথমবার পরিচালকের দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী ও ঋতুপর্ণার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু চৈতি ঘোষাল।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, প্রায় দুই বছর আগে থেকেই টলিউডে আলোচনা চলছিল যে, চৈতির পরিচালনায় নির্মিত এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। অবশেষে সেই গুঞ্জন সত্যি করে প্রকাশিত হয়েছে ছবির প্রচারণামূলক ঝলক।
সিনেমার পোস্টার শেয়ার করে ঋতুপর্ণা ক্যাপশনে লেখেন, “কিছু রাত নিঃশব্দে আসে, আর বদলে দেয় সবকিছু। তেমনই এক রাতের গল্প নিয়ে আসছে ‘নেভার মাইন্ড’।”
এই ছবির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, পরিচালক চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায় এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। বড় পর্দায় এটি তার প্রথম কাজ না হলেও, মায়ের পরিচালনায় এই প্রথম তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।
সিনেমার গল্পের কেন্দ্রবিন্দু একজন নারী, যিনি নিজের অতীতের এক অজানা অধ্যায়ের খোঁজে কলকাতার পার্ক স্ট্রিটের একটি বারে পৌঁছান। সেখানে তার পরিচয় ঘটে এক তরুণ বার-সঙ্গীতশিল্পীর সঙ্গে। কলকাতার ভিন্ন ভিন্ন পেশা ও জীবনধারার মানুষদের নিয়ে গড়ে উঠেছে এই গল্প, যেখানে প্রত্যেকের জীবনদর্শন ও বাস্তবতা একে অপরের থেকে আলাদা।
পার্ক স্ট্রিটের পরিচিত পরিবেশকে এবার নতুন দৃষ্টিভঙ্গিতে পর্দায় তুলে ধরা হবে। একই সঙ্গে ছবিতে থাকবে একটি মানবিক বার্তাও। ‘নেভার মাইন্ড’ সিনেমার মূল গল্প লিখেছেন সম্রাট। চিত্রনাট্য রচনায় তার সঙ্গে যুক্ত ছিলেন মিতালি ঘোষাল রুদ্র। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন গোপী ভগৎ এবং সংগীত ও আবহ সংগীতের দায়িত্বে আছেন জনপ্রিয় রক সংগীতশিল্পী রূপম ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



