কোনো ধরনের দাবি আদায়ের নামে ‘মব কালচার’ চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে চাই। মব কালচার শেষ। দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না। তবে যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল ও সমাবেশ করা যাবে এবং স্মারকলিপিও দেয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে চান জানিয়ে তিনি বলেন, কর্মকর্তাদের জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে। কোনোপ্রকার অবৈধ তদবির চলবে না। বিভিন্ন বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার সদস্য ও সচিবদের প্রথম বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের অগ্রাধিকার বিবেচনায় প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং জ্বালানি, গ্যাস ও বিদ্যুৎ সেক্টরে সরবরাহ ঠিক রাখার ক্ষেত্রে লক্ষ্য রাখতে বলেছেন। সচিবদের উদ্দেশ্যে তিনি বলেছেন, জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে। সরকারের মেনিফেস্টো বাস্তবায়নেও আন্তরিক হতে বলেছেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বলেছি- কার কী এফিলিয়েশন (কার্যস্থান) আছে, সেটা দেখব না, মেরিট (যোগ্যতা) ভিত্তিতে সবাইকে যাচাই করব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


