ভেদাভেদ নয়, বরং সমতা ও সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, নগরবাসীসহ সাধারণ মানুষের নানামুখী সমস্যা রয়েছে, তবে সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে এসব সমস্যার কার্যকর সমাধান সম্ভব।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে পরিকল্পিত ও বাস্তবভিত্তিক রাজনীতিতে। তাঁর ভাষায়, এখন সময় নতুন গৌরবের সূর্যোদয়ের। আমরা এমন রাজনীতিতে বিশ্বাস করি যেখানে ‘আমি’ নয়, ‘আমরা’ আগে; দল নয়, দেশ আগে; ক্ষমতার চেয়েও জনগণ বড়—সবার আগে বাংলাদেশ।
তিনি আরও বলেন, বিএনপি শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা, মেধার যথাযথ মূল্যায়ন, মেধাভিত্তিক নিয়োগ এবং ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে চায়। শোষণের রাজনীতি নয়, বরং অধিকার প্রতিষ্ঠার নীতিতেই দলটি অটল।
ডা. জুবাইদা রহমান জানান, বিএনপি এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায় যেখানে নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে থাকবে জনগণ। ‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’—এই লক্ষ্য সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আজ মানুষের উপস্থিতি প্রমাণ করে সবাই একসঙ্গে আছে। নিজেদের মূল্যবান সময় দিয়ে এসে তাঁরা দলের বক্তব্য শুনেছেন এবং নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। বিএনপি এসব বিষয় আরও গভীরভাবে শোনা ও জানার চেষ্টা করবে বলেও তিনি আশ্বস্ত করেন।
তিনি বলেন, জনগণের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে কীভাবে সমস্যার সুষ্ঠু সমাধান করা যায় এবং একটি সমতাভিত্তিক, জ্ঞাননির্ভর ও শ্রমের মর্যাদায় গড়া রাষ্ট্র উপহার দেওয়া যায়—বিএনপি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
মতবিনিময় সভায় ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


