পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বিরল প্রজাতির একটি জীবিত ‘অলিভ রিডলি’ সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে সৈকতের ডিসি পার্ক সংলগ্ন এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (IUCN) এ প্রজাতিটিকে ঝুঁকিপূর্ণ প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সৈকতে হাঁটার সময় আলোকচিত্রী সাইফুর ইসলাম কচ্ছপটিকে ঢেউয়ের ধারে দুর্বল অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি পরিবেশবাদী সংগঠন ‘উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন’-কে খবর দেন। সংগঠনটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করেন। প্রায় ৩০ থেকে ৩৫ কেজি ওজনের এই কচ্ছপটি সাধারণত ‘প্যাসিফিক রিডলি’ নামেও পরিচিত।
সংগঠনটির আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পূর্ণবয়স্ক স্ত্রী অলিভ রিডলি কচ্ছপ। সাধারণত এ সময় তারা ডিম পাড়ার জন্য উপকূলের নিরিবিলি সৈকতে আসে। মাছ ধরার জালে আটকে যাওয়া, দীর্ঘ সময় পানির বাইরে থাকা কিংবা প্লাস্টিক বর্জ্য গ্রহণের কারণে কচ্ছপটি দুর্বল হয়ে পড়তে পারে।
কুয়াকাটা বন বিভাগের ক্যাম্প কর্মকর্তা মো. রুবেল জানান, স্থানীয়দের দ্রুত তথ্য দেওয়ার কারণে কচ্ছপটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে কচ্ছপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা শেষে কচ্ছপটিকে পুনরায় সমুদ্রে অবমুক্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



