কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোর ও এক গৃহবধূ আহত হয়েছেন।

শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস।
নিহত রিয়াজুল ইসলাম ওই গ্রামের কেরামত আলীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তিনি বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে যান। সকাল ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
একই সময় মাঠে ছাগল আনতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে কিশোর বায়েজিদ (১৫) এবং একই এলাকার গৃহবধূ ইসমতারা রান্নাঘরে থাকা অবস্থায় আহত হন। আহতদের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



