কুষ্টিয়া শহরতলীর কানাবিল মোড় এলাকায় মিম খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জুন) ভোররাতে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিম খাতুন স্থানীয়ভাবে হস্তশিল্পের কাজ করতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরতলীর কানাবিল মোড় এলাকার আকাশের সঙ্গে প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে মিম খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আকাশ মাদকাসক্ত হয়ে পড়েন এবং প্রায়ই মাদক কেনার টাকার জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।
গত রোববার জুগিয়া এলাকায় বাবার বাড়িতে অবস্থানকালে আকাশ মিমের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যান। পরে ফোন ফেরত নিতে তিনি স্বামীর বাড়িতে গেলে সেখানে তাকে মারধর ও গলাটিপে শ্বাসরোধ করা হয় বলে পরিবারের অভিযোগ।
অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজী সামসুল আলম জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



