কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির আওতাধীন যাত্রীবাহী বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়।

ফলে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুরসহ অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে। একই সঙ্গে কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অধিকাংশ রুটেও কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকায় কিছুটা স্বস্তি থাকলেও স্থানীয় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের এই কর্মবিরতির ঘোষণা দেয়।
কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক জানান, বাস মিনিবাস মালিক গ্রুপের অধীনে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে শ্রমিকদের অংশগ্রহণ থাকলেও তাদের প্রয়োজনীয় সুবিধা দেওয়া হচ্ছে না। এই দুই দাবিতে মালিক গ্রুপের সঙ্গে আলোচনা হলেও সমাধান হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় শুক্রবার সকাল থেকে সব রুটে বাস বন্ধ রাখা হয়।
অন্যদিকে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মালিকদের মতোই সুবিধা প্রদান এবং খুলনা রুটে শ্রমিক সংগঠনের নামে একটি বাস চালানোর অনুমোদনের দাবি জানানো হয়। দাবি পূরণ না হওয়ায় তারা কর্মবিরতিতে গেছে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


