কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান—এমন দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। এই হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। ঘটনার পর দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। কুয়েতের সামরিক বাহিনী বলেছে, হামলার কারণে বিমানবন্দরের অবকাঠামোয় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, হামলায় বিমানবন্দরের টার্মিনাল-১ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্র চলাচল ও প্রতিরক্ষাব্যবস্থার পাল্টা আঘাতের দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে আতঙ্কের মধ্যে একটি গাড়িকে দুর্ঘটনার কবলেও পড়তে দেখা যায়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা তারা প্রতিহত করেছে। তাদের দাবি, ইরান প্রতিবেশী কয়েকটি দেশের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও সেগুলোর কোনোটিই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।
সেন্টকম আরও জানায়, কুয়েতের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভেঙে পড়ে বা মাঝপথে বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি বাহরাইনের দিকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে।
এদিকে হামলার ঘটনায় কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আবদুলআজিজ আল-ওতাইবি ইরানের এই হামলাকে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একে ‘অপরাধমূলক আগ্রাসন’ বলে অভিহিত করেন।
তিনি আরও জানান, হামলায় বিমানবন্দরের অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের সংখ্যা ও তাদের অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



