প্রিমিয়াম চেহারা ও চীনের বাজারকে লক্ষ্য করে প্রচলিত রঙের বাইরে গিয়ে উজ্জ্বল লালকে প্রধান বা ফ্ল্যাগশিপ রঙ হিসেবে বিবেচনা করছে অ্যাপল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, আগে ‘এরমেস অরেঞ্জ’ নামে পরিচিত রঙ আনার পর এবার ‘লাবুতাঁ রেড’ শেডে আইফোন আনার ভাবনা রয়েছে প্রতিষ্ঠানটির।

এ বছরের শেষদিকে আইফোন ১৮ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও মার্কিন প্রকাশনা সংস্থা ব্লুমবার্গের প্রযুক্তি প্রতিবেদক মার্ক গারম্যান জানিয়েছেন, পরবর্তী আইফোন প্রো মডেলের জন্য লাল রঙকে নতুন প্রধান রঙ হিসেবে পরীক্ষা করছে অ্যাপল।
যদিও বেগুনি ও বাদামি রঙের গুঞ্জন শোনা যাচ্ছে, তবে ধারণা করা হচ্ছে এগুলোও লালের ভিন্ন ভিন্ন শেড হতে পারে। সাধারণত অ্যাপল শান্ত ও স্নিগ্ধ রঙে আইফোন উন্মোচন করে থাকে। সেই তুলনায় উজ্জ্বল লাল হবে বেশ ব্যতিক্রমী ও সাহসী সিদ্ধান্ত।
ধারণা করা হচ্ছে, ‘কসমিক অরেঞ্জ’ রঙের ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগাতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। চীনের বাজারে এই রঙ রেকর্ড বিক্রি করেছে এবং অনেক ভক্তের কাছে তা ‘এরমেস অরেঞ্জ’ নামে পরিচিত হয়ে আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছে।
চীনা সংস্কৃতিতে লাল রঙ সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাই লালকে প্রধান রঙ হিসেবে আনলে সেখানে বিক্রি আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
অবশ্য লাল আইফোন একেবারে নতুন নয়। ‘প্রোডাক্ট রেড’ দাতব্য প্রকল্পের আওতায় আগে গাঢ় লাল আইফোন বাজারে এনেছিল অ্যাপল। সর্বশেষ লাল সংস্করণ দেখা গেছে আইফোন এসই, আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস মডেলে।
অন্যদিকে বহুল আলোচিত ভাঁজযোগ্য আইফোনের ক্ষেত্রে আপাতত কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রতিষ্ঠানটি। সেখানে রঙের চেয়ে প্রযুক্তিগত পরিপূর্ণতাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রিমিয়াম নকশা, সাংস্কৃতিক কৌশল ও বাজার পরিকল্পনার সমন্বয়ে লাল রঙ কি সত্যিই অ্যাপলের নতুন পরিচিতি হয়ে উঠবে—এখন সেটিই দেখার বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


