লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে লিয়াকত আলী লাদেন (১৬) নামে এক মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) রাতে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী লাদেন সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছেলে রাব্বির সঙ্গে লাদেনের আগে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাব্বি তাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করলে লাদেন তাকে চড়-থাপ্পড় দেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোমবার রাতে সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাদেন একা বসে ছিলেন। এ সময় রাব্বির বড় ভাই রকি পেছন থেকে এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



