আমির খান প্রযোজিত এবং কিরণ রাও পরিচালিত আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিজ’। এই সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা সতেন্দ্র সোনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে কান্নায় ভেঙে পড়ে তিনি অভিযোগ করেন, একটি সিনেমার শুটিং শেষে পারিশ্রমিক চাইতেই পরিচালক তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে সতেন্দ্র বলেন, মধ্যপ্রদেশে একটি সিনেমার শুটিংয়ের জন্য তাকে নেয়া হয়েছিল। পরিচালক পুষ্পেন্দ্র সিং শুরুতে ৫০ হাজার রুপি সাইনিং মানি দিলেও বাকি পারিশ্রমিক শুটিং শেষে দেয়ার কথা ছিল। অভিনেতার দাবি, টানা আট দিন শুটিং শেষ হওয়ার পর তিনি পারিশ্রমিক চাইলে পরিচালক তাকে হোটেল ছেড়ে চলে যেতে বলেন। একই সঙ্গে তাকে হত্যার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করেন সতেন্দ্র।
শুধু তাই নয়, ভিডিওর ক্যাপশনে পরিচালক পুষ্পেন্দ্র সিং ও তার স্ত্রী প্রগতি চৌহানের বিরুদ্ধে মারধরের অভিযোগও আনেন এই অভিনেতা। তার ভাষ্য, তিনি আরও দুজনের সঙ্গে হাঁটছিলেন। এ সময় একটি গাড়ি নিয়ে তাদের ধাওয়া করা হয়। পরে রাস্তার মাঝেই পরিচালক ও তার স্ত্রী তাকে মারধর করেন। তাকে বাঁচাতে এগিয়ে এলে আরেক শিল্পীকেও মারধর করা হয় বলে দাবি করেন সতেন্দ্র।
পরে আরেকটি ভিডিওতে মুম্বাইয়ের একটি রেলস্টেশন থেকে সতেন্দ্র জানান, তিনি এবং তার সঙ্গে থাকা দুই শিল্পী নিরাপদে মুম্বাই পৌঁছেছেন। এ সময় তাদের নিরাপদে ফিরতে সহায়তা করার জন্য মধ্যপ্রদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
সতেন্দ্র সোনি এর আগে ‘ডক্টর জি’, ‘বাওয়াল’, ‘রাত আকেলি হ্যায়: দ্য বানসাল মার্ডার্স’ এবং টেলিভিশন সিরিজ ‘হ্যালো বাচ্চোঁ’-এ অভিনয় করেছেন। তবে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’-এ ছোট হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। সিনেমাটি সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি ভারতের অস্কার মনোনয়নের জন্যও নির্বাচিত হয়েছিল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অভিনেতাকে আগামীতে ‘মির্জাপুর: দ্য মুভি’-তে দেখা যাবে। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ অবলম্বনে নির্মিত এ ছবিতে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, দিব্যেন্দু ও জিতেন্দ্র কুমার। সম্প্রতি এই ছবির শুটিংয়ের নেপথ্যের কিছু মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন সতেন্দ্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



