লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’-এর অভিযোগ তুলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, লেবাননে বড় ধরনের হামলার পর শুরুতে প্রণালিতে জাহাজ চলাচল ধীর হয়ে আসে এবং পরে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, বর্তমানে হরমুজ প্রণালিতে কোনো জাহাজের চলাচল দেখা যাচ্ছে না। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর সীমিত আকারে জাহাজ চলাচল শুরু হয়েছিল।
আইআরজিসি দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা, এবং এ বিষয়টি যুক্তরাষ্ট্রও মেনে নিয়েছে বলে তাদের দাবি। সংস্থাটি আরও জানায়, দিনের শুরুতে ইরানের দুটি তেলবাহী জাহাজ এবং চীনের একটি জাহাজ নিরাপদে প্রণালি পার হলেও এর পর আর কোনো জাহাজ চলাচল করেনি।
লেবাননে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কিছুক্ষণের মধ্যেই প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা করার কথা থাকলেও একটি জাহাজ মাঝপথ থেকে ফিরে যায়।
এর আগে ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, লেবাননে ইসরায়েল হামলা চালিয়ে গেলে তারা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসতে পারে। তবে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ জানায়, লেবাননের পরিস্থিতি তাদের যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়।
অন্যদিকে, লেবাননে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে শতাধিক বিমান হামলা চালানো হয়। এসব হামলায় বহু মানুষের প্রাণহানি ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
সূত্র: সিএনএন, আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


