নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি গবেষক শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি-কে মরণোত্তর সর্বোচ্চ শিক্ষাগত উপাধি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা।

আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে। মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট, মিয়ামি-কে চিঠির মাধ্যমে এ তথ্য জানায়। একই সঙ্গে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, কনস্যুলেটের একজন প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের পরিবারের পক্ষ থেকে উপাধি গ্রহণ করবেন। এদিকে স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুরে টাম্পা শহরে নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ মে তার মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে এবং দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে দেশে পৌঁছাবে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল উক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরদিন তাদের এক সহপাঠী বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন। প্রায় আট দিন নিখোঁজ থাকার পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করে।
এ ঘটনায় লিমনের সহবাসী, যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবুঘরবিয়া-কে তার পারিবারিক বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কালো রঙের কয়েকটি আবর্জনার ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


