যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স স্বেচ্ছায় একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন। বিনোদনবিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি এ তথ্য নিশ্চিত করেছে।

গত মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত নেন। নব্বই দশকের শেষ দিকে ‘টিন আইকন’ হিসেবে পরিচিতি পাওয়া এই গায়িকা কিছুদিন ধরেই গণমাধ্যম থেকে নিজেকে দূরে রেখেছেন। তার সর্বশেষ অ্যালবাম ‘গ্লোরি’ প্রকাশিত হয় ২০১৬ সালে এবং ২০১৮ সালে টেক্সাসে শেষবারের মতো তাকে কনসার্টে দেখা যায়।
‘পিস অফ মি’ কনসার্টের পর থেকে তিনি মিডিয়ায় উপস্থিতি কমিয়ে দেন। ২০১৯ সালে লাস ভেগাসে তার নির্ধারিত কনসার্টও বাতিল করেন তিনি।
২০২১ সালে নিজের বাবা জেমি স্পিয়ার্সের বিরুদ্ধে অভিভাবকত্বের মামলায় জয়ী হন ব্রিটনি। সম্প্রতি নিজের গানের ক্যাটালগ বিক্রি করেও আলোচনায় আসেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি জানান, ব্যক্তিগত সংবেদনশীল কারণে তিনি আর যুক্তরাষ্ট্রে কনসার্ট করবেন না।
এর আগেও আইনি জটিলতায় জড়িয়েছেন ব্রিটনি। ২০০৭ সালে একটি গাড়িতে ধাক্কা দিয়ে চলে যাওয়ার ঘটনায় তিনি অভিযুক্ত হন, যদিও পরে ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মিটিয়ে নেন।
১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে ‘বেবি ওয়ান মোর টাইম’ অ্যালবামের মাধ্যমে রাতারাতি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন ব্রিটনি। অ্যালবামটি ২৫ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়। পরের বছর প্রকাশিত ‘উপস আই ডিড ইট এগেন’ অ্যালবামটিও ব্যাপক সাফল্য পায়। নতুন সহস্রাব্দের শুরুতে তার হাত ধরেই টিন পপ সঙ্গীতের ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


