চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো ধর্মই স্বভাবতঃ সাম্প্রদায়িক নয়। ধর্ম মানুষের মধ্যে বিদ্বেষ বা হিংসা তৈরির শিক্ষা দেয় না; বরং মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম ইপিজেড এলাকায় মারমা সম্প্রদায়ের সঙ্গে নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। আমীর খসরু আরও বলেন, প্রতিটি ধর্ম মানবিক এবং মানবতার মূল্যবোধ শেখায়। কিন্তু মানুষ যখন স্বার্থসিদ্ধির জন্য ধর্ম ব্যবহার করে, তখনই সমাজে বিভাজন দেখা দেয়। এই অবস্থা দূর করতে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার বিকল্প নেই।
প্রার্থী জানান, দেশের বিভিন্ন স্থানে তিনি যেখানেই যাচ্ছেন, সেখানকার মানুষ ধানের শীষের প্রতি আশাব্যঞ্জক সাড়া দিচ্ছে। জনগণ আবারও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়—এই আশায় এ ধরনের সমর্থন মিলছে।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত ডা. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি লু সাই মং, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সাথোয়াই প্রু সহ আরও অনেকে।
সভায় আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট উম্যাচিং মারমা, টিং মং প্রু, মাও সেতুং তংচ্যঙ্গা, মং পাই মারমা, মং হাই মারমা, ওয়ানা সারা ভিক্ষু, ক্যজথ্রী মারমা, রুমেল মারমা, ঝন্টু কুমার বড়ুয়া, সজল বড়ুয়া, সুমন বড়ুয়া, প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, মহিরাজ বড়ুয়া, কল্লোল বড়ুয়া, সুজন কান্তি বড়ুয়া এবং শোভন বড়ুয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


